শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষের জেরে সেন্ট গ্রেগরি হাইস্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণি ও নার্সারিতে ভর্তির জন্য নির্ধারিত লটারি স্থগিত করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজেও বিজ্ঞপ্তির বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মর্নিং শিফট, ডে শিফট এবং কলেজ শাখার সব ধরনের ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ অত্যন্ত জরুরি এবং এর জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। পরিস্থিতি স্বাভাবিক হলে যথাসময়ে বিদ্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু করা হবে।’
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে প্রথম শ্রেণি (বাংলা ভার্সন) ও নার্সারি (ইংরেজি ভার্সন) ভর্তির নির্ধারিত লটারি এবং ভর্তির তারিখ স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিশেষ কারণে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত লটারি এবং ভর্তির তারিখ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।’
এর আগে, পুরান ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
শিক্ষকেরা জানান, এই ঘটনায় কলেজের শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ এবং ক্যান্টিন ভাঙচুর করা হয়েছে। এর আগে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজও একই কারণে বন্ধ ঘোষণা করা হয়।
ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে গত রোববার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এর প্রতিক্রিয়ায়, গতকাল সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের শত শত শিক্ষার্থী সোমবার দুপুরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এ সময় কলেজের বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের তথ্যমতে, আগের দিনের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।


No comments: