লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ দাবি করেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও সংগঠিত হতে শুরু করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ নতুনভাবে পুনর্গঠন করছে এবং এর জন্য কাদের নেতৃত্বে কাজ চলছে, কোথায় এবং কখন এই প্রক্রিয়া হচ্ছে, এমনকি কোন বাসায় তা চলছে, এ সব তথ্য তার কাছে রয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ এসব কথা বলেন।
অলি আহমদ উল্লেখ করেন, "যদি আমরা মনে করি স্বৈরাচারীরা এখনো বসে আছে, তা ঠিক নয়। তাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তর পুলিশের এবং প্রশাসনের মধ্যে অবস্থান করছে। এখনও স্বৈরাচারের সহায়করা বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের স্থান ধরে রেখেছে। আমি ড. ইউনূসকে অনুরোধ করব, আর কোনো বিলম্ব না করে স্বৈরাচারের সহায়কদের চিহ্নিত করুন। তাদের বদলি কোনো সমাধান নয়, তাদের চাকরি থেকে বরখাস্ত করা প্রয়োজন।"
এছাড়া তিনি আওয়ামী লীগের দুর্নীতির প্রসঙ্গে বলেন, "আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছেও কোটি কোটি টাকা রয়েছে। শেখ হাসিনাও স্বীকার করেছেন যে, তার পিয়নের কাছে ৪০০ কোটি টাকা রয়েছে।"
এদিনের সংবাদ সম্মেলনে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনৈতিক দলের বৈঠকে অংশ না নেওয়া নিয়ে মন্তব্য করে তিনি বলেন, "যে কোনো কারণে আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি। তবে সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না। তাই আমি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।"

No comments: