অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, কবি ও চিন্তক ফরহাদ মজহার, হেফাজতে ইসলামের মহাসচিব সাজেদুর রহমান, কেন্দ্রীয় নেতা মুহিউদ্দিন রাব্বানী, জুনায়েদ আল হাবিব, মুনির হোসাইন কাসেমী, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের (বেফাক) মহাসচিব মাহফুজুল হক, ইসলামী বক্তা শায়খ আহমদুল্লাহ, বায়তুল মোকাররম মসজিদের খতিব আবদুল মালেকসহ আরও কয়েকজন আলেম।
বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানিয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করছেন।
এটি ছিল প্রধান উপদেষ্টার ধারাবাহিক বৈঠকের অংশ। এর আগে, তিনি গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। এরপর গতকাল বুধবার দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন, যেখানে রাজনৈতিক দলগুলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব এবং মর্যাদা রক্ষায় একত্রিত থাকার ঘোষণা দেয়।

No comments: