728

ন্যায়বিচার যাতে বিলম্বিত না হয়: প্রধান বিচারপতি


  প্রযুক্তির উন্নত ব্যবহার এবং পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে বিচারিক কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করার প্রচেষ্টার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি উল্লেখ করেন, ‘‘আমাদের নিশ্চিত করতে হবে যে, ন্যায়বিচার বিলম্বিত না হয়’’।

‘বিচারিক স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক একটি কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি এই কথা বলেন। শনিবার, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই কনফারেন্সে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং নিম্ন আদালতের বিচারকেরা।

প্রধান বিচারপতি ১৯৭১ সালের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘‘বিজয়ের এই মাস ডিসেম্বর আমাদের স্বাধীনতা সংগ্রামের এক অমূল্য স্মৃতি’’। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের দৃঢ় চেতনাকে স্মরণ করেন এবং বলেন, ‘‘এই মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, ন্যায়বিচারের সন্ধান একটি আজীবন প্রচেষ্টা’’।

তিনি আরও বলেন, ‘‘সম্প্রতি এক বিচারপ্রার্থী আপিল বিভাগ বেঞ্চে এসে কাঁপাকণ্ঠে তাঁর দুর্দশার কথা তুলে ধরেন। বিলম্বিত বিচারের কারণে তাঁর কষ্ট দেখে আমি তাকে আশ্বস্ত করেছিলাম যে, আগামী মাসে তার মামলার শুনানি হবে। এই ঘটনা আমাকে মনে করিয়ে দিয়েছে যে, বিচারিক বিলম্ব শুধু প্রশাসনিক লক্ষ্য নয়, এটি একটি নৈতিক দায়বদ্ধতা’’।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার শপথ গ্রহণের পর নিজের দায়িত্বের প্রতি গভীর সচেতনতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘বিচার বিভাগের ওপরে আস্থার প্রতি সম্মান জানিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে আমি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি’’।

তিনি আরও বলেন, ‘‘আমি বিচার বিভাগের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে, আমি বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি, যা প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করবে।’’ তিনি সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য একটি বিচার বিভাগীয় নিয়োগ কাউন্সিল গঠনের প্রস্তাবও দেন।

প্রধান বিচারপতি বলেন, ‘‘প্রযুক্তির ব্যবহার আদালতের কার্যক্রমকে আরও দক্ষ ও স্বচ্ছ করবে। ডিজিটালাইজেশন আর বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজনীয়তা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, আমরা বিলম্ব কমিয়ে, স্বচ্ছতা বাড়িয়ে এবং মামলাকারীদের সেবা আরও সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ’’।

No comments:

Powered by Blogger.