সংযুক্ত আরব আমিরাত সরকার চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ বিদেশি কর্মীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। এর ফলে দেশটিতে অবৈধ বা অনিয়মিত অবস্থায় থাকা কর্মীরা নতুন কাজের মাধ্যমে বৈধতা লাভের সুযোগ পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম আজ সাংবাদিকদের জানান, এই সময়কালে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি সাধারণ ক্ষমার আওতায় এসে বৈধ হয়েছেন।
মোহাম্মদ রফিকুল আলম বলেন, যারা এখনো আমিরাতে অবৈধ অবস্থায় রয়েছেন, তাদের জন্য এটি একটি সুযোগ। তিনি এসব বাংলাদেশিদের আহ্বান জানান যে তারা এই সাধারণ ক্ষমা গ্রহণ করে বৈধ কর্মী হিসেবে কাজ শুরু করুন অথবা জেল-জরিমানা ছাড়াই দেশে ফিরে আসুন।
তিনি আরও জানান, বাংলাদেশের জন্য আমিরাতের ভিসা চালুর ব্যাপারে তারা আশা করছেন যে, সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ ভিসা নীতি পুনর্মূল্যায়ন করবে।

No comments: