728

জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরছেন কলকাতা ও ত্রিপুরার দুই কূটনীতিক


 ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং পশ্চিমবঙ্গের কলকাতার উপহাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটার পর, ওই দুই মিশনের প্রধানকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। কলকাতার মিশনপ্রধান আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন এবং ত্রিপুরার সহকারী হাইকমিশনারও আজ ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার জরুরি ভিত্তিতে কলকাতার ভারপ্রাপ্ত উপহাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান এবং ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে ঢাকায় ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়। আজ শিকদার মো. আশরাফুর রহমান কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন এবং বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় কলকাতার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

একজন জ্যেষ্ঠ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ঢাকার পথে রওনা হয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি ও অন্যান্য সংগঠনের সমর্থকরা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং মিশন ভবনে ভাঙচুরের ঘটনা ঘটায়। এ হামলার পর, নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ওই মিশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

No comments:

Powered by Blogger.